
মো. বেল্লাল হোসেন, দশমিনা থেকে:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় ‘পার্টনার’ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে কৃষকদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালীর উপ-পরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. শাহাদাত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাছিন রাইয়ান, উপজেলা মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফারজানা লিসা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুর রহমান শাহীনসহ স্থানীয় কৃষক-কৃষাণী, সাংবাদিক ও এনজিওকর্মীরা।
প্রশিক্ষণে কৃষি চর্চা, নিরাপদ খাদ্যের গুরুত্ব, আধুনিক চাষাবাদ, বালাই ব্যবস্থাপনা, পুষ্টিকর ফসল উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণীরা এতে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই কৃষি উন্নয়নের জন্য আধুনিক ও সহনশীল কৃষি প্রযুক্তির বিকল্প নেই। ‘পার্টনার’ প্রকল্প কৃষকদের দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

https://shorturl.fm/rapQZ