
অমিতাব দাস অপু, মির্জাগঞ্জ (পটুয়াখালী):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাঠালতলী এলাকায় নিজ বাসভবনে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরীর সহধর্মিণী বেগম সুরাইয়া আক্তার চৌধুরী।
সুবিদখালী সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি অ্যাডভোকেট কালাচান সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাবের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা. সাইফুল আলম রনজু, ১নং মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় কৃষ্ণ শীল, পূজা উদযাপন ফোরাম কমিটির সভাপতি বাবুল কর্মকার কালু এবং মতুয়া সম্প্রদায়ের সভাপতি বঙ্কিম চন্দ্র হালদার।
মির্জাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী ওমর ফারুক শাওনের সার্বিক আয়োজনে এবং মাধবখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পলাশ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আলতাফ হোসেন চৌধুরীর মতো অভিজ্ঞ ও অসাম্প্রদায়িক নেতৃত্বের বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে বেগম সুরাইয়া আক্তার চৌধুরী বলেন,
“আলতাফ হোসেন চৌধুরী সবসময় অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করেন। তিনি মন্ত্রী থাকাকালীন পটুয়াখালীর আকরাবাড়ি মন্দির, জয়কালী মন্দির ও জগৎধাত্রী মন্দির সংস্কারে সরকারি অনুদান দিয়েছেন এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও সমান সহায়তা করেছেন।”
তিনি আরও বলেন, “এই উন্নয়ন ও সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আলতাফ হোসেন চৌধুরীকে বিজয়ী করার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।”
বৈঠকে এলাকার বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
