
স্টাফ রিপোর্টারঃ গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারী দলের অবস্থানের প্রতিবাদ এবং গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় পটুয়াখালী ১১ দলীয় ঐক্যের আয়োজনে পৌর লঞ্চঘাট প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা জামায়াতের আমীর অ্যাড. নাজমুল আহসানের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম আল কায়সারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম সোহাগ, খেলাফত মজলিসের পটুয়াখালী পৌর শাখার সভাপতি হারুন অর রশীদ, এবি পার্টির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামাল হোসেন, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তোফাজ্জল হোসেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আতিকুল ইসলাম, জামায়াতের সদর উপজেলার যুব বিভাগের সভাপতি মাওলানা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত গণভোটের রায়কে বর্তমান সরকার সুকৌশলে উপেক্ষা করছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সরকারি দল বিভিন্ন টালবাহানা শুরু করেছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সমাবেশ শেষে পটুয়াখালী লঞ্চঘাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর নিউমার্কেটে গিয়ে শেষ হয় এবং সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।
