
মাসুদ পারভেজ সাগর, কুয়াকাটাঃ
পর্যটন নগরী কুয়াকাটায় মহাসড়কে অবৈধভাবে পার্কিং করা যানবাহন নির্ধারিত পার্কিংয়ে রাখার লক্ষ্যে উৎসাহিতকরণমূলক অভিযান পরিচালনা করেছে কুয়াকাটা পৌরসভা। শুক্রবার সকালে কুয়াকাটা সদর রোড ও বেরিবাঁধ সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন কুয়াকাটা পৌর প্রশাসক ও কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ইয়াসিন সাদেক।
অভিযান চলাকালে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করা প্রায় পঞ্চাশটিরও বেশি গাড়ি পৌরসভা কর্তৃক নির্ধারিত ফ্রি পার্কিং স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কের ওপর গাড়ি পার্কিং করার ফলে নানাবিধ সমস্যার সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে ছুটির দিন ও পর্যটন মৌসুমে অতিরিক্ত পর্যটকের চাপ বাড়লে যানজট, চলাচলে বিঘ্ন এবং দুর্ঘটনার ঝুঁকি বহুগুণে বেড়ে যেত। পৌরসভার এ উদ্যোগে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ফিরতে শুরু করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
এ বিষয়ে তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী রাসেল খান বলেন,
“সদর রোড ও বেরিবাঁধ সড়কে যত্রতত্র গাড়ি রাখার কারণে পর্যটকদের চলাচলে ভোগান্তি হতো, প্রায়ই যানজট সৃষ্টি হতো এবং দুর্ঘটনাও ঘটত। পৌর প্রশাসক জনাব ইয়াসিন সাদেকের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ জানাই।”
কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) কলাপাড়া জনাব ইয়াসিন সাদেক বলেন,
“পর্যটন নগরী কুয়াকাটাকে সুশৃঙ্খল ও যানজটমুক্ত রাখতে পৌরসভা থেকে নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় পর্যটকদের চাপ তুলনামূলক বেশি থাকে। মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা গাড়ির কারণে পর্যটক ও সাধারণ মানুষের নানান সমস্যার সৃষ্টি হয়। এজন্য আজ আমরা এই অভিযান পরিচালনা করেছি।”
তিনি আরও বলেন,
“পৌরসভা থেকে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যেখানে ড্রাইভার ভাইয়েরা কোনো ধরনের টাকা-পয়সা ছাড়াই নিরাপদে তাদের গাড়ি রাখতে পারবেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের প্রত্যাশা, পৌরসভার এ উদ্যোগ নিয়মিত চলমান থাকলে কুয়াকাটায় যানজট কমবে, দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে এবং পর্যটকদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় হবে।
