
বাউফল অফিসঃ পটুয়াখালীর বাউফলে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার (৮ মার্চ) গভীর রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের শরীফ বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মো. বজলু শরীফ (৬৫) জানান, দীর্ঘদিন ধরে কষ্ট করে কৃষিকাজ করে তিনি গরুগুলো লালন-পালন করেছিলেন। গরু চুরির ঘটনায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “কষ্ট করে খেয়ে না খেয়ে গরুগুলো পালন করেছি। এখন সব হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।”
স্থানীয় বাসিন্দা মিরাজ জানান, প্রতিদিনের মতো রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ছাগলের বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য ঘুম থেকে ওঠেন তিনি। তখন রাস্তা দিয়ে ধীরগতিতে একটি পিকআপ গাড়ির শব্দ শুনতে পান। গাড়িটি তার বাড়ি থেকে মূল সড়ক হয়ে শরীফ বাড়ির সামনে গিয়ে থামে। তবে তখন তিনি বিষয়টি বুঝতে পারেননি। সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন, বজলু শরীফের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে।
স্থানীয়রা জানান, পাতিলাপাড়া গ্রামে প্রায়ই ঘরবাড়ি, হাঁস-মুরগি, গরু-ছাগল চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ দেওয়া হলেও এখনো কোনো চোর শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। ফলে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে , তদন্ত কর্মকর্তা, জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


