
গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী):
পটুয়াখালীর কলাপাড়ায় এক প্রতিবন্ধী ভিক্ষুককে বিনামূল্যে ওষুধ দেওয়ায় ‘প্রগতি মেডিকেল হল’ নামের একটি ফার্মেসি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ঔষধ ব্যবসায়ী সমিতির নেতাদের বিরুদ্ধে। একই সঙ্গে ‘ন্যাশনাল ফার্মেসি’ নামের আরেকটি প্রতিষ্ঠানে বন্ধের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তারা।
প্রগতি মেডিকেল হলের স্বত্বাধিকারী সুদীপ পাল জানান, এক প্রতিবন্ধী ভিক্ষুক ওষুধ কিনতে এসে ৩০০ টাকার ওষুধ নিতে না পেরে চলে যাচ্ছিলেন। তার কাছে ১০০ টাকা থাকায় মানবিক বিবেচনায় তিনি কম দামে ওষুধটি দেন। এর জেরে দীর্ঘদিনের পুরোনো এই ফার্মেসিটি বন্ধ করে দেওয়া হয়।
ন্যাশনাল ফার্মেসির মালিক মো. কবির হোসেন দুলাল অভিযোগ করেন, তিনি এক ভোক্তার কাছে নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে ওষুধ বিক্রি করায় তাকেও ফার্মেসি বন্ধের হুমকি দেওয়া হয়েছে। তার দাবি, কিছু ব্যবসায়ী অধিক মুনাফার জন্য অন্যদেরও বেশি দামে বিক্রি করতে বাধ্য করছেন।
এদিকে ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইব্রাহিম খলিল অভিযোগ অস্বীকার করে বলেন, প্রগতি মেডিকেল হল ইনভয়েসবিহীন ও নিম্নমানের ওষুধ কম দামে বিক্রি করায় সমিতির নিয়ম অনুযায়ী একদিনের জন্য দোকানটি বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, কয়েকজন ওষুধ ব্যবসায়ী অভিযোগ করেছেন, সমিতির মাধ্যমে সিন্ডিকেট করে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং কম দামে ওষুধ বিক্রি করলেই জরিমানা করা হচ্ছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ বলেন, কোনো সমিতি বা সংগঠন আইনগতভাবে কোনো প্রতিষ্ঠান বন্ধ করার ক্ষমতা রাখে না। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
