
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা থানায় দায়ের করা ট্রাক থেকে মাছ ডাকাতির মামলার প্রধান আসামিসহ দুইজনকে গলাচিপা উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, খুলনা বিভাগের বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ছোটবাইসদিয়া গ্রামের মো. মেজাহেরের ছেলে মো. সোহেল এবং মোরেলগঞ্জ উপজেলার সালাহউদ্দিন।
দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মনির হোসেন জানান, গত ৩ মার্চ গভীর রাতে দশমিনা থেকে খুলনা যাওয়ার পথে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের ঠাকুরেরহাট ব্রিজ সংলগ্ন এলাকায় একটি ট্রাকের গতিরোধ করে ডাকাতরা। এ সময় ট্রাকে থাকা ১১ ককসেট মাঝারি ও বড় আকারের ইলিশ এবং ১৫ ককসেট চিংড়ি মাছ অন্য একটি ট্রাকে তুলে নিয়ে যায়। পাশাপাশি ট্রাকের চালক ও হেলপারকে মারধর করে তাদের দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়।
ঘটনার পর মাছের মালিক বাদী হয়ে দশমিনা থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি সোহেল ও দ্বিতীয় আসামি সালাহউদ্দিনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে গলাচিপা উপজেলার হরিদাপুর ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে রাতেই তাদের দশমিনা থানায় নিয়ে আসা হয়।
মামলার বাদী জানান, তিনি দীর্ঘদিন ধরে সততার সঙ্গে মাছের ব্যবসা করছেন। অভিযুক্তরা পূর্বেও একই ধরনের অপরাধের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে পাঠানো হবে এবং এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
