
দশমিনা প্রতিনিধিঃ পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক অটোরিকশা চালককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের আনন্দ মেলা সিনেমা হল সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার ব্যক্তি মো. রুবেল মোল্লা, তিনি উপজেলার দশমিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. নাজমুলের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় রুবেল মোল্লাকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাই পারভেজ জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।


