
পটুয়াখালী সদর উপজেলায় পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পটুয়াখালী কার্যালয়। এ সময় এক আসামীর কাছ থেকে একটি দেশীয় ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত পটুয়াখালী সদর থানাধীন পুরাতন হাসপাতাল রোড ও পশ্চিম হেতালিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, পুরাতন হাসপাতাল রোড এলাকায় জুথী বেগম (৩১)-এর নিজ বসতঘরের পাশ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই দিনে পশ্চিম হেতালিয়া গ্রামের আলমগীর সরদার (৩৫)-এর নিজ বসতঘর থেকে ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ ছাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পুরাতন হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে মো. ছানি হাং (২৫)-এর টিনের বসতঘর ঘেরাও করে তল্লাশি করা হয়। এ সময় তার দেহ তল্লাশিতে লুঙ্গির কোচর থেকে ২০ গ্রাম গাঁজা এবং কাঁধে ঝোলানো ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় ধারালো রামদা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত। ভ্রাম্যমাণ আদালতে জুথী বেগমকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৯ হাজার টাকা অর্থদণ্ড এবং আলমগীর সরদারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, ছানি হাংয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১৯(ক) ধারা এবং অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় পটুয়াখালী সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।


