
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত পটুয়াখালী সদর থানাধীন পুরাতন হাসপাতাল রোড ও পশ্চিম হেতালিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, পুরাতন হাসপাতাল রোড এলাকায় জুথী বেগম (৩১)-এর নিজ বসতঘরের পাশ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই দিনে পশ্চিম হেতালিয়া গ্রামের আলমগীর সরদার (৩৫)-এর নিজ বসতঘর থেকে ৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ ছাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পুরাতন হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে মো. ছানি হাং (২৫)-এর টিনের বসতঘর ঘেরাও করে তল্লাশি করা হয়। এ সময় তার দেহ তল্লাশিতে লুঙ্গির কোচর থেকে ২০ গ্রাম গাঁজা এবং কাঁধে ঝোলানো ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় ধারালো রামদা উদ্ধার করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুন জান্নাত। ভ্রাম্যমাণ আদালতে জুথী বেগমকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৯ হাজার টাকা অর্থদণ্ড এবং আলমগীর সরদারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অন্যদিকে, ছানি হাংয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১৯(ক) ধারা এবং অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারায় পটুয়াখালী সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।