
আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পটুয়াখালীর সন্তান জিহাদ আরাফাত। বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী হয়েও এই গুরুত্বপূর্ণ পদে লড়ছেন।
সম্প্রতি চাকসু’র প্রাথমিক প্রার্থী তালিকায় প্রকাশিত নামগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে দেখা যায় জিহাদের নাম।
সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জিহাদ বলেন,“আমি চাই আমার ক্যাম্পাসকে বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে। পৃথিবীর যেকোনো প্রান্তে যখন উচ্চশিক্ষার প্রসঙ্গ উঠবে, তখন যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নামও সেখানে আলোচিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমি প্রতিটি সমস্যা সমাধানে কাজ করতে চাই। আশা করি শিক্ষার্থীরা আমার প্রতি আস্থা রাখবেন।”
প্রথম বর্ষের শিক্ষার্থী হয়েই কোনো ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম ঘটনা।
পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ আরাফাত পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদরাসা থেকে এইচএসসি (আলিম) সম্পন্ন করে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যয়ন করছেন।
শিক্ষাজীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, লেখালেখি, আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তিনি।


