
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে শোকসভা ও দোয়া মোনাজাতের আয়োজন করেছে পটুয়াখালী জেলা শ্রমিকদল।
সোমবার (২১ জুলাই) বিকেলে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত এ শোকসভায় গভীর শোক প্রকাশ করেন বক্তারা। বক্তারা বলেন, জাতির এই দুর্যোগময় মুহূর্তে দলীয় কর্মসূচি নয়, সহমর্মিতা এবং প্রার্থনায় অংশ নেওয়াটাই মানবিক দায়িত্ব।
জেলা শ্রমিকদলের সভাপতি জাহিদুল ইসলাম খান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় শোকসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, সামেক পৌরসভার মেয়র মোস্তাক আহমেদ পিনু ও জেলা বিএনপির সাবেক সদস্য বশির আহমেদ মৃধা।
শোকসভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। বক্তারা নিহতদের পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের কাছে এই দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।


