
বাউফল অফিস: পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ নাজিমের নেতৃত্বে প্রতিপক্ষ এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৬ টার দিকে উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী শাওন খানের অভিযোগ, বাণিজ্যিক বন্দরের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে নাজিমের পরিবারের সঙ্গে তাদের বিরোধ চলছিল। সেই বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে তিনি বাধা দেন। এ নিয়ে রাতেই নাজিম ছাত্রশিবিরের নেতা-কর্মীদের নিয়ে সেখানে গিয়ে প্রথমে হুমকি-ধমকি দেন। একপর্যায়ে নাজিম, তার বাবা মজিবুর রহমানসহ কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করেন। এতে তিনি আহত হন। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন এবং থানায় অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে, নাজিমের বাবা মজিবুর রহমান বলেন, সীমানা নির্ধারণের পর তারা নির্মাণকাজ শুরু করেন। কিন্তু ব্যবসায়ী শাওন তার কাছে চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা না দেওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় শাওন লোকজন নিয়ে এসে তার ছেলেকে লাথি মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে।
তবে শাওনের দাবি করা চাঁদার পরিমাণ কত এবং বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল কি না এ বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি।
এদিকে উপজেলা ছাত্রশিবিরের নেতারা জানিয়েছেন, ঘটনাটি নাজিমের ব্যক্তিগত বিষয়। বর্তমানে তিনি সংগঠনের কোনো পদে নেই, তাই এ ঘটনায় সংগঠনের কোনো দায় নেই।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সরেজমিনে দেখা গেছে, শাওন খান ও নাজিমের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান একই সড়কে অবস্থিত।


