
বাউফল অফিস: মুসল্লিদের ব্যবহারের জন্য মসজিদের পাশে সরকারি অর্থে নির্মিত একটি টয়লেটের নামফলকে ভুল তথ্য ছাপার কারণে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত এ প্রকল্পের নামফলকে নির্মাণ ব্যয় প্রায় দুই কোটি টাকা উল্লেখ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে নির্মিত টয়লেটটি ঘিরেই এ বিতর্কের সূত্রপাত। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নামফলকে উল্লেখিত ব্যয় সম্পূর্ণ ভুল; প্রকৃত ব্যয় ছিল ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা।
সূত্র জানায়, ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব তহবিলের অর্থায়নে রামনগর গ্রামের ইদু হাওলাদার বাড়ির সামনে মসজিদের পাশে টয়লেটটি নির্মাণ করা হয়। কিন্তু প্রকল্পের নামফলকে ভুলবশত ব্যয় দেখানো হয় ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা, যা দেখে এলাকাবাসী বিস্মিত হন।
ফেসবুকে নামফলকের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। অনেকেই এটিকে সরকারি অর্থ অপচয়ের উদাহরণ হিসেবে উল্লেখ করে মন্তব্য করেন।
মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, “নামফলকে প্রায় দুই কোটি টাকা দেখে আমরা অবাক হয়েছি। প্রকৃত ব্যয় সম্পর্কে আমাদের ধারণা ছিল না।”
এদিকে, বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ বলেন, “এটি একটি অনিচ্ছাকৃত ভুল। কিন্তু যাচাই না করেই বিষয়টি বড় করে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা দুঃখজনক।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, “প্রকৃত ব্যয় ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা। নামফলক প্রিন্টিংয়ের সময় ভুল হয়েছিল। বিষয়টি জানার পর সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ঘটনাটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে, যা তথ্য যাচাইয়ের গুরুত্বও নতুন করে সামনে এনেছে।

https://shorturl.fm/tBaM9