
বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার আফসের গ্যারেজ এলাকায় ‘বাউফল ট্রাভেলস’ নামের একটি বাস দুর্ঘটনার শিকার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দশমিনা বাসস্ট্যান্ড থেকে রাত ১০টার দিকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে আফসের গ্যারেজ এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনার পর বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেন। ঘটনাস্থলেই মাহমুদুল হক নামে একজন নিহত হন। তিনি বাসটির সুপারভাইজার এবং বাউফল উপজেলার বামনিকাঠি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের নিচে আরও কয়েকজন যাত্রী চাপা পড়ে থাকতে পারেন। আহতদের মধ্যে অন্তত তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
দশমিনা উপজেলার যাত্রী মাহাবুব বলেন, “বাসটি হঠাৎ কেঁপে ওঠে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই খাদে পড়ে যায়। আমার ধারণা, আরও কয়েকজন যাত্রী বাসের নিচে চাপা পড়ে আছেন।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রয়েছি। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সঠিক সংখ্যা এখনও নিরূপণ করা যায়নি। বাসটি সরানোর পর পরিস্থিতি পরিষ্কার হবে।”
উদ্ধার কার্যক্রম চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
