
পটুয়াখালীর বাউফলে বাকি দিতে অস্বীকার করায় এক চায়ের দোকানিকে মারধর এবং থানায় অভিযোগ করায় মুঠোফোনে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি মুঠোফোন কল রেকর্ড প্রতিবেদকের হাতে এসেছে।
বুধবার (৪ মার্চ) উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরের বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকানি ওলি শিকদার (২৬) জানান, সকালে সোহেল আহমেদ ওরফে মচকি সোহেল তার দোকানে এসে সিগারেট চান। তিনি বাকিতে সিগারেট বিক্রি করতে অস্বীকার করলে সোহেল তাকে মারধর করেন। পরে বাজার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগ করার পর মুঠোফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্ত সোহেল আহমেদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী এবং সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
প্রতিবেদকের কাছে থাকা মুঠোফোনের কল রেকর্ডে শোনা যায়, অভিযুক্ত ব্যক্তি বলেন, “আমি বাকি খাবো কিনা তুই না জেনে বললি কেন? তাই তোকে একটা থাপ্পড় দিছি। তুই বাজারে বিচার না দিয়ে মামলা করলি কেন? এখন তোরে যদি আমি কোপাই, ধরবে কেডা!”
তবে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্ত সোহেল আহমেদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “মারধরের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীর নিরাপত্তার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
