
জলবায়ু-ঝুঁকিপূর্ণ জেলা পটুয়াখালীতে নাগরিক ক্ষমতায়ন ও সুশাসন নিশ্চিতের লক্ষ্যে তরুণদের পরিচালিত সিভিক টেক স্টার্টআপ For the Light অভিনব এক উদ্যোগ নিয়েছে। নিজেদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘প্রজেক্ট ট্রেইস’ (TRACE)— যার পূর্ণরূপ Transparency Through Reporting, Advocacy and Civic Engagement।
প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে Accountability Lab-এর অর্থায়নে পরিচালিত ‘ডিজিটাল ডেমোক্রেসি ইনিশিয়েটিভ’-এর আওতায়। এতে সহযোগী হিসেবে যুক্ত রয়েছে আন্তর্জাতিক নাগরিক জোট CIVICUS।

প্রকল্পের অধীনে ‘সিভিক টেক কমিউনিটি ওয়াচ পোর্টাল’-এর আধুনিকায়ন করা হয়েছে। এর ফলে নাগরিকরা এখন ছবি ও আন-এডিটেড ভিডিও আপলোডের মাধ্যমে স্থানীয় পর্যায়ের বিভিন্ন অনিয়ম— যেমন অস্তিত্বহীন অবকাঠামো, ত্রাণ আত্মসাৎ বা সেবা প্রদানে অনিয়ম—এর প্রমাণ সরাসরি উপস্থাপন করতে পারবেন। নতুন সংযোজিত ‘পাবলিক কমেন্ট’ ফিচারের মাধ্যমে প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে রিয়েল-টাইম তথ্য যাচাই ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।
মাঠপর্যায়ে প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে গত ২২ ও ২৩ ফেব্রুয়ারি ৫০ জন তরুণ-তরুণীকে নিয়ে আয়োজন করা হয় ‘ডিজিটাল সিভিক অ্যাম্বাসেডরস বুটক্যাম্প’। এতে অংশগ্রহণকারীরা মোবাইল জার্নালিজম (MoJo) ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা বর্তমানে বিভিন্ন অনিয়মের প্রমাণ সংগ্রহ করছেন, যা আসন্ন ‘ডেটা-ড্রিভেন টাউন হল’-এ জনপ্রতিনিধিদের সামনে উপস্থাপন করা হবে।
উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় প্রতিষ্ঠানটির উদ্ভাবিত সম্পূর্ণ অফলাইন স্মার্ট সোলার ডিভাইস ‘গার্ডিয়ান’ ইতোমধ্যে স্থানীয়ভাবে সাড়া ফেলেছে। ডিভাইসটি বিপদে পড়া জেলেদের স্বয়ংক্রিয়ভাবে এসওএস (SOS) সংকেত পাঠাতে এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতার সময় আলো সরবরাহ করতে সক্ষম।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আলামিন বলেন, “প্রান্তিক তরুণ ও নারীদের হাতে সঠিক প্রযুক্তি তুলে দেওয়ার মাধ্যমেই একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।”
সংশ্লিষ্টরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে থাকা পটুয়াখালীর মতো জেলায় এ ধরনের প্রযুক্তিনির্ভর নাগরিক উদ্যোগ স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


