
মির্জাগঞ্জ প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মো. জাকির হোসেন জাহাঙ্গীর (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনের রাস্তা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং এলাকার মাওলানা ইসহাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানার এসআই শাখাওয়াতের নেতৃত্বে পুলিশের একটি টিম চালিতাবুনিয়া এলাকায় অভিযান চালায়। এসময় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে পাকা রাস্তায় থাকা সন্দেহভাজন কয়েক ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে পুলিশ জাহাঙ্গীরকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগীরা পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোঁচর থেকে নীল রঙের জিপার প্যাকেটে রাখা ১০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম বলেন, “গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।” তিনি আরও বলেন, “মির্জাগঞ্জকে মাদকমুক্ত করতে আমাদের কঠোর অবস্থান ও সাঁড়াশি অভিযান নিয়মিত চলমান থাকবে। মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না।”


