
পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ২টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট ও প্রায় ৫০ লাখ টাকা মূল্যের বেহুন্দী জালসহ ১২ জন জেলেকে আটক করা হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে মহিপুর থানাধীন লতাচাপলী কুয়াকাটা সংলগ্ন সাগর মোহনায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২টি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ পিস বেহুন্দী জাল জব্দ ও ১২ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোট থেকে সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং বোট, জাল ও আটককৃত জেলেদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”


