
ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ফিরতি যাত্রা পরিস্থিতি পরিদর্শনে পটুয়াখালী লঞ্চঘাটে আকস্মিক সফর করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
সোমবার বিকেলে তিনি পটুয়াখালী লঞ্চঘাটে উপস্থিত হয়ে যাত্রী, লঞ্চ স্টাফ ও নদী বন্দর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, সরকার নির্ধারিত ভাড়ার তুলনায় লঞ্চগুলোতে প্রায় ১০ শতাংশ কম ভাড়া নেওয়া হচ্ছে, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক। এছাড়া নদী বন্দর এলাকায় পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় নদী বন্দরের সামনে জেগে ওঠা চর আগামী ৭ এপ্রিলের মধ্যে অপসারণের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, নদী বন্দর কর্মকর্তা জাকি শাহরিয়ারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
