
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ, ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক ড. এ বি এম সাইফুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় সভাপতিত্ব করেন পবিপ্রবির ইউট্যাবের সভাপতি প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইউট্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, জিয়া পরিষদের সভাপতি মো. আবুবকর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার।
শোকসভায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল কুদ্দুস।
বক্তারা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।


