
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় শিশুদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পটুয়াখালীতে জেলা পর্যায়ে মেটিওরোলজি ক্লাব (মেট ক্লাব) উদ্বোধন করা হয়েছে। শিশু-কেন্দ্রিক আগাম দুর্যোগ সতর্কতা ব্যবস্থা জোরদারে এ উদ্যোগকে সময়োপযোগী ও ব্যতিক্রমী হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে জার্মান ফেডারেল ফরেন অফিস (GFFO)-এর অর্থায়নে বাস্তবায়িত চাইল্ড সেন্টার্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন প্রকল্পের আওতায় সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ, জাগো নারী, রাইমস এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম, উপপরিচালক এস এম কামরুল হাসান, আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মাল্লিক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ পারভেজ, পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান, রাইমসের সিনিয়র অফিসার মুহাম্মদ তানজিলুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, আবহাওয়া বিশেষজ্ঞ এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রকল্প ম্যানেজার নিলুফার আখতার ও প্রকল্প টিম।
উদ্বোধনী অনুষ্ঠানে মেট ক্লাবের শিক্ষার্থীরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট ও মেট ক্লাবের কার্যক্রম উপস্থাপন করেন। পটুয়াখালী ও কলাপাড়া থেকে আগত শিক্ষার্থীরা আবহাওয়ার তথ্য বিশ্লেষণ, পূর্বাভাস বোঝা এবং শিশুবান্ধব আগাম সতর্কতা বার্তা প্রচারে তাদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে কলাপাড়া উপজেলার শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, পটুয়াখালী সদর থেকে আগত শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি এবং মেট ক্লাব ও অ্যান্টিসিপেটরি অ্যাকশন বিষয়ক গম্ভীরা পরিবেশনা উপস্থিত অতিথিদের বিশেষভাবে মুগ্ধ করে।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। শিশুদের আগাম প্রস্তুতি কার্যক্রমে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম আরও সচেতন, সক্ষম ও দুর্যোগ সহনশীল হয়ে উঠবে।
বিশেষ অতিথির বক্তব্যে রাইমসের সিনিয়র অফিসার মুহাম্মদ তানজিলুর রহমান বলেন, শিশুদের মাধ্যমে আগাম দুর্যোগ সতর্কতা বার্তা ছড়িয়ে দিলে তা সমাজে দ্রুত, কার্যকর ও টেকসইভাবে পৌঁছে দেওয়া সম্ভব।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ পারভেজ জলবায়ু শিক্ষা ও স্থানীয় পর্যায়ে বৈজ্ঞানিক তথ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। জেলা শিক্ষা অফিসার মো. মুজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের দুর্যোগ বিষয়ে সচেতন ও দক্ষ করে গড়ে তুলতে মেট ক্লাব একটি প্রশংসনীয় ও সময়োপযোগী উদ্যোগ।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মাল্লিক আবহাওয়ার পূর্বাভাস ও আগাম সতর্কতা ব্যবস্থার প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা করেন। উপপরিচালক এস এম কামরুল হাসান বলেন, শিশুবান্ধব আবহাওয়া তথ্য ও পূর্বাভাস ভবিষ্যতে দুর্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি ও জাগো নারী’র প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, মেট ক্লাব শিশুদের আবহাওয়া বিষয়ক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি আগাম দুর্যোগ প্রস্তুতিতে নেতৃত্ব বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।


