
স্টাফ রিপোর্টারঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা মোট ২০ জন প্রার্থীর মধ্যে ১০ জন প্রয়োজনীয় ভোটসংখ্যা অর্জনে ব্যর্থ হওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী সংশ্লিষ্ট আসনে প্রদত্ত মোট বৈধ ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ ভোট না পেলে তাঁর জামানত বাবদ জমা দেওয়া ৫০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে চলে যায়। এই বিধান অনুযায়ী পটুয়াখালীর চারটি আসনেই ১০ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পটুয়াখালী-১ আসনে ছয় প্রার্থীর মধ্যে তিনজন, পটুয়াখালী-২ আসনে পাঁচজনের মধ্যে তিনজন, পটুয়াখালী-৩ আসনে পাঁচজনের মধ্যে দুইজন এবং পটুয়াখালী-৪ আসনে চারজনের মধ্যে দুইজন প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারান।
পটুয়াখালী-১ আসনে মোট বৈধ ভোট পড়ে ২ লাখ ৫৯ হাজার ২৯৪টি। জামানত রক্ষায় প্রয়োজন ছিল প্রায় ৩২ হাজার ৪১২ ভোট। তবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আ. মন্নান হাওলাদার (১,০৫৫), জাসদের গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত মোটরগাড়ি প্রতীকের গৌতম চন্দ্র শীল (১,৩৩৪) এবং গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের শহিদুল ইসলাম ফাহিম (৩৪৭) প্রয়োজনীয় ভোট পেতে ব্যর্থ হন।
পটুয়াখালী-২ আসনে মোট বৈধ ভোট ছিল ১ লাখ ৮৮ হাজার ৬০৭টি। জামানত অক্ষুণ্ন রাখতে প্রয়োজন ছিল প্রায় ২৩ হাজার ৫৭৬ ভোট। এখানে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া অন্য তিন প্রার্থী—হাতপাখা প্রতীকের মালেক হোসেন (১৪,৪১৪), এবি পার্টির ঈগল প্রতীকের মো. রুহুল আমিন (৪১০) এবং গণঅধিকার পরিষদের হাবিবুর রহমান (৩৫৩)—জামানত হারান।
পটুয়াখালী-৩ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ছিল ২ লাখ ৩৭ হাজার ৯৬১টি। জামানত টিকিয়ে রাখতে প্রয়োজন ছিল প্রায় ২৯ হাজার ৭৪৬ ভোট। এ আসনে স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুল হক (৯৭৮) এবং জামায়াতে ইসলামী মনোনীত মুহাম্মদ শাহআলম (১৬,২৫৫) নির্ধারিত সীমা অতিক্রম করতে পারেননি।
পটুয়াখালী-৪ আসনে মোট বৈধ ভোট পড়ে ২ লাখ ৯ হাজার ৩২৭টি। জামানত রক্ষায় প্রয়োজন ছিল প্রায় ২৬ হাজার ১৬৬ ভোট। খেলাফত মজলিসের ডা. জহির উদ্দিন আহমেদ (১৪,৯৮৫) ও গণঅধিকার পরিষদের মো. রবিউল হাসান (২০২) প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারান।
তবে জামানত হারানো প্রার্থীদের মধ্যে কয়েকজন নির্বাচনী প্রচারণার মাঝপথে বিভিন্ন দলের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর চারটি আসনের মধ্যে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় ঐক্যজোটের ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর এবং পটুয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত এবিএম মোশারফ হোসেন বিজয়ী হন।


