
গোফরান পলাশ, কলাপাড়া থেকে: পটুয়াখালীর কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ওষুধ ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। এ সময় পটুয়াখালীর ড্রাগ সুপার উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।
জরিমানাপ্রাপ্ত ফার্মেসিগুলো হলো, প্রগতি মেডিকেল হল, ন্যাশনাল ফার্মেসি, স্থানীয় ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতির সভাপতি ইব্রাহিম খলিলের মালিকানাধীন একটি ফার্মেসি এবং মেহেরুন মেডিকেল হল।
ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(ঘ) ধারা এবং তফসিল অনুযায়ী অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করায় এসব প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভেটেরিনারি ওষুধের সংরক্ষণ, নির্ধারিত তাপমাত্রা বজায় রাখা, ইপোক্সি-ঘেরা কক্ষে ওষুধ সংরক্ষণ, যথাযথ ইনভয়েস যাচাই এবং DAR/MA নম্বরবিহীন ওষুধ বিক্রির বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, “ওষুধের দোকান ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


https://shorturl.fm/WSm91