
বাউফল অফিসঃ
পটুয়াখালীর বাউফলে লঞ্চযাত্রীদের ভোগান্তি ও অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে রুমেন শিকদার (৩০) নামের এক কনটেন্ট ক্রিয়েটর লঞ্চ স্টাফদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার কালাইয়া লঞ্চঘাটে ঢাকা-কালাইয়া নৌরুটে চলাচলকারী এমভি বন্ধন-৫ লঞ্চে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানান, লঞ্চে যাত্রীদের জন্য নির্ধারিত বিনামূল্যের সাধারণ ডেক দখল করে টাকার বিনিময়ে বিক্রির একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয়। বিশেষ করে ঈদযাত্রা ঘিরে এ অনিয়ম বেড়ে যায়। এতে যাত্রীরা বিনামূল্যের জায়গা পেতেও বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিচ্ছেন। বসার সামান্য জায়গার জন্য ১ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী রুমেন শিকদার জানান, যাত্রীদের অনুরোধে তিনি লঞ্চের সিট বাণিজ্যের বিরুদ্ধে কনটেন্ট তৈরি করতে ঘটনাস্থলে যান। অভিযোগের সত্যতা পেয়ে ভিডিও ধারণ শুরু করলে লঞ্চের সুপারভাইজার ও কেরানির নেতৃত্বে ৮-১০ জন ব্যক্তি অতর্কিতভাবে তাকে মারধর করে। এ সময় তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। হামলায় তার কানে গুরুতর আঘাত লাগে এবং ডান কানে তিনি শুনতে পাচ্ছেন না বলে জানান।
পরে যাত্রীরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার সবুজ ও কেরানি বেল্লালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, আহত রুমেন শিকদারকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। লঞ্চে সিট বাণিজ্যের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
