
কুয়াকাটা প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক আবাসিক হোটেল মালিককে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত লোকমান মৃধা স্থানীয় হোটেল কুয়াকাটা প্যালেস-এর মালিক। স্থানীয় সূত্রে জানা গেছে, রাখাইন মহিলা মার্কেট এলাকার ঝিনুক ব্যবসায়ী রাসেল খান ও মিরাজ নামের দুই ব্যক্তি তার হোটেলে নিয়মিত ইয়াবা সেবন করতেন। এতে বাধা দেওয়ায় তারা লোকমান মৃধার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তার দুই পা থেঁতলে দেয়। এতে তার চারটি দাঁত পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতের মেয়ে সাজেদা বেগম অভিযোগ করে বলেন, “রাসেল খান ও মিরাজ নিয়মিত আমার বাবার হোটেলে গিয়ে ইয়াবা সেবন করতেন। বাবা এতে বাধা দেওয়ায় তারা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেছে। এখন তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।”
অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


