
সুমন মৃধা, দুমকিঃ
২০২৩ সালে তৎকালীন সরকারি দলের পক্ষ থেকে ভয়ভীতি ও মানসিক চাপ প্রয়োগ করে জোরপূর্বক আওয়ামী লীগে যোগদান দেখানো হয়েছিল বলে অভিযোগ করেছেন দুমকি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সিনিয়র সহসভাপতি মাস্টার আবু হানিফ খান।
সোমবার (২৯ ডিসেম্বর) দুমকিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার ঘোষণা দেন এবং বিগত দিনের অনাকাঙ্ক্ষিত ঘটনার ব্যাখ্যা তুলে ধরেন।
লিখিত বক্তব্যে আবু হানিফ খান বলেন, তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাগো দল থেকে শুরু করে দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তবে ২০২৩ সালের জানুয়ারিতে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নির্দেশে তার ছেলের চাকরি ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম ভয়ভীতি প্রদর্শন করা হয়। সেই পরিস্থিতিতে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে আওয়ামী লীগে যোগদান দেখানো হয়েছিল।
তিনি আরও বলেন, এই জোরপূর্বক রাজনৈতিক ঘটনার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং সামাজিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত হন। এ সময় তিনি দুইবার স্ট্রোকেও আক্রান্ত হন। বর্তমানে সুস্থ হয়ে আবারও তিনি তার প্রিয় সংগঠন বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আবু হানিফ খান বলেন, তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতিকে পছন্দ করেননি এবং তাদের আদর্শের সঙ্গে তার কোনো মিল নেই। এই দুঃসময়ে বিএনপির নেতাকর্মীরা তার প্রতি যে সহানুভূতি ও সহযোগিতা দেখিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি অনিচ্ছাকৃত ওই ঘটনার জন্য তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শহীদ জিয়ার আদর্শে অটল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, মাস্টার আবু হানিফ খান দীর্ঘদিন আঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, দুমকি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং চারদলীয় ঐক্যজোটের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
