
মো: সুমন মৃধা,দুমকি.
পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর টোলপ্লাজায় ঘুষ নিয়ে ওভারলোডেড ট্রাক ছেড়ে দেওয়ার অভিযোগে টোল কালেক্টর মো. নুরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় যশোর-ট-১১-৩১৩৬ নম্বরের একটি ট্রাকের চালকের কাছ থেকে ৫০০ টাকা ঘুষ নিয়ে অতিরিক্ত মালবোঝাই অবস্থায় ট্রাকটি ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে ওজন স্কেলে তুললে দেখা যায়, ২২ টন ধারণক্ষমতার ট্রাকে অতিরিক্ত ২২ টন ৭০০ কেজি পণ্য বহন করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে টোলপ্লাজার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে এসে প্রমাণের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
রাত ৯টার দিকে টোল প্লাজার ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স বেস্ট ইস্টার্নের অপারেশন ডিরেক্টর সজল বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে অভিযুক্ত টোল কালেক্টর মো. নুরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
উল্লেখ্য, এর আগেও পায়রা সেতুর টোলপ্লাজায় ঘুষ নিয়ে ওভারলোডেড যানবাহন ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
