
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ব্যতিক্রমী মেহেদী উৎসব আয়োজন করেছে সামাজিক সংগঠন ‘প্রাণের পটুয়াখালী’। “খুশির ছোঁয়া প্রতিটি হাতে, শিশুর হাসিতেই পূর্ণ হোক ঈদের আনন্দ”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ উৎসবে অংশ নেয় বিভিন্ন এলাকার অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিশুরা।
উৎসবে শিশুদের হাতে রঙিন মেহেদী পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক শিশুকে বাড়িতে ব্যবহারের জন্য একটি করে মেহেদী দেওয়া হয়। এতে শিশুদের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং তাদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। দীর্ঘদিনের বঞ্চনার মধ্যে এমন আয়োজন তাদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা এনে দেয়।
সংগঠনের অ্যাডমিন ও ক্রিয়েটর মেহেদি হাসান পিয়াল বলেন, একটি ফেসবুকভিত্তিক উদ্যোগ থেকে সংগঠনটির যাত্রা শুরু হলেও এখন তারা সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এমন আয়োজন করা হয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও অ্যাডমিন সাইনফুন আর বায়োজিদ জানান, ঈদের আনন্দ সমাজের সব স্তরের মানুষের কাছে সমানভাবে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের আয়োজন নিয়মিত করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং সহমর্মিতা ও মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখে।
উৎসব শেষে শিশুদের মাঝে সামান্য উপহার বিতরণ করা হয়, যা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।


