
পটুয়াখালী জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি হাসিবুর রহমানের পিতা, বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মরহুম মোঃ মোস্তফা কামালের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় পটুয়াখালী জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও মুসলিম পাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের।
এসময় মরহুমের প্রথম সন্তান সাংবাদিক হাসিবুর রহমান, নিকটাত্মীয় মিজানুর রহমান, ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মরহুম মোঃ মোস্তফা কামাল ছিলেন একজন সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক ব্যক্তি। তিনি দেশের সেবায় প্রায় দুই যুগ বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত ছিলেন। নিজের জীবন বাজি রেখে সমুদ্রসীমানার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করেছেন। সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার মাধ্যমে তিনি সহকর্মী ও ঊর্ধ্বতনদের কাছে একজন আদর্শ সৈনিক হিসেবে পরিচিতি লাভ করেন।
সভায় বক্তারা আরও বলেন, জীবদ্দশায় তিনি সততা ও মানবিকতার দৃষ্টান্ত রেখে গেছেন, যা তাঁর পরিবার ও সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফেরাত, জান্নাতুল ফেরদৌস কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ মোনাজাত করা হয়।
