
বাউফল অফিসঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় বড় ভাইয়ের হামলায় ছোট ভাই গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ধারালো অস্ত্রের আঘাতে আহত ব্যক্তির মাথায় গুরুতর জখম হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আবু যাফর মীর অভিযোগ করেন, তার বড় ভাই আব্দুল হক মীর দীর্ঘদিন ধরে সম্পত্তি ভাগাভাগি নিয়ে পারিবারিক বিরোধ সৃষ্টি করে আসছিলেন। এরই জেরে শনিবার দুপুরে তিনি বাড়িতে এসে পুনরায় ঝামেলা শুরু করেন। একপর্যায়ে গালিগালাজের প্রতিবাদ করলে ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, প্রাণ বাঁচাতে দৌড়ে ঘরে আশ্রয় নিলেও সেখানেও তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল হক মীর।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
