
পটুয়াখালীর কুয়াকাটায় জামি’আ মুহিউসসুন্নাহ মাদ্রাসা, আলীপুরের আয়োজনে তিন দিনব্যাপী ৪র্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত এই মাহফিল রোববার রাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। এতে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
মাহফিলে কোনো রাজনৈতিক আলোচনা ছাড়াই দেশবরেণ্য আলেম-ওলামারা কোরআন ও হাদিসের আলোকে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা ও মূল্যবোধ গঠনের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আগত মুসল্লিরা জানান, বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওয়াজ-নসিহত করলেও রাজনৈতিক বক্তব্য পরিহার করায় মাহফিলটি ব্যতিক্রমী ও ঐতিহাসিক হয়ে উঠেছে।
তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর সভাপতি, উপমহাদেশের প্রখ্যাত আলেম ও মুরুব্বি আমীরুল উমারা মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান (দা.বা.)।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এছাড়া আরও উপস্থিত ছিলেন আমীরুল মুমিনীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, কেওড়াবুনিয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, লক্ষ্মীপুর উপজেলা চেয়ারম্যান আল্লামা খালিদ সাইফুল্লাহ জামাতা, নওমুসলিম ডা. সিরাজুল ইসলাম সিরাজী, ভারত থেকে আগত দেশবরেণ্য বক্তা মাওলানা খোবাইব বিন তৈয়্যব ও মাওলানা হুসাইন আহমদ সাঈদ।
এছাড়া ওয়াজ ও নসিহত পেশ করেন মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ান, মুফাসসিরে কোরআন মাওলানা মুফতি আব্দুল মান্নান, মুফতি হাবিবুর রহমান হাওলাদার, মাওলানা আবুল হাসান বোখারী, মুফতি মাহফুজুর রহমান জাবের, মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী, মাওলানা আব্দুস ছোবহান ও মুফতি বেলাল হোসাইন।
ধারাবাহিক তাফসীর পেশ করেন মুফতি হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা), মুহতামিম, জামি’আ মুহিউসসুন্নাহ।
তিন দিনব্যাপী এই মাহফিলের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোসলেম মুসুল্লী মুছা। সার্বিক ব্যবস্থাপনায় ছিল খানকায়ে মাহমুদিয়া আলীপুর ও জামি’আ মুহিউসসুন্নাহ কর্তৃপক্ষ।
আখেরি মোনাজাতে দেশের সার্বিক স্থিতিশীলতা, বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, নিরাপত্তা ও কল্যাণ কামনা করা হয়।



https://shorturl.fm/FfL9m