
পটুয়াখালীর কুয়াকাটায় মাদকবিরোধী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়জন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কলাপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় কুয়াকাটা পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।
অভিযানে গাঁজাসহ আটক হওয়া মাদকসেবীরা হলেন— মো. আওয়াল (৩৫), মো. জুন্নাইন হোসেন (২৫), রঞ্জিত দাস (৪০), মো. রিপন বেপারী (৩৪), মো. আলীম হোসেন (৩৭) ও মো. ইমন গাজী (২০)। তারা সবাই কুয়াকাটা পৌরসভার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের প্রত্যেককে সাত দিন বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে তাদের আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”


