
কুয়াকাটা প্রতিনিধি:
কুয়াকাটা পৌর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হোটেল ও গার্মেন্টসসহ পাশাপাশি থাকা আটটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে ক্ষতিগ্রস্ত দোকানিদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার। তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি সকালে একটি দোকানের বালিশে আগুন লাগার ঘটনা থেকে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পাশের হোটেল, গার্মেন্টস ও অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টা ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে আটটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, “আগুন লাগার পর আমরা কিছুই বের করতে পারিনি। আমাদের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব হয়ে পড়েছি।”
আরেক ব্যবসায়ী জানান, ঋণ করে দোকানে মালামাল তুলেছিলেন। আগুনে সব শেষ হয়ে যাওয়ায় পুনরায় ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়েছে। দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দা আবদুল রহিম বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্তদের পাশে সবাইকে দাঁড়ানো উচিত।
ছাত্রদল নেতা নেছার উদ্দিন হাওলাদার বলেন, “দোকানগুলো পুড়ে যাওয়ায় অনেক পরিবার আজ অসহায় হয়ে পড়েছে। মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করবো।”
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে বলে জানা গেছে।
