
গলাচিপা প্রতিনিধিঃ
এ দেশের নিপীড়িত মানুষ চাঁদাবাজি ও সহিংসতার রাষ্ট্র চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম।
সোমবার বিকেল ৩টায় গলাচিপা উপজেলার কেন্দ্রীয় হেলিপ্যাড সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অধ্যাপক শাহ আলম বলেন, “দেশের মানুষ আজ নিরাপদ জীবন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা চায়। তারা আর চাঁদাবাজি, দখলবাজি ও সহিংসতার রাজনীতি দেখতে চায় না। একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন।”
গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা. জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান সুজন, মো. শহিদুল ইসলাম আল-কায়সারী, অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক এবং পটুয়াখালী জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুর রহমান।
এ ছাড়া নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচনী এজেন্ট ও গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া খান বক্তব্য রাখেন।
সমাবেশকে ঘিরে দুপুর থেকেই দশমিনা ও গলাচিপা উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ দাড়িপাল্লা প্রতীক ও ব্যানার হাতে মিছিল নিয়ে মাঠে সমবেত হতে থাকেন জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দাবি, সমাবেশে প্রায় তিন থেকে চার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
