
পটুয়াখালীর কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া হোটেল পরিচালনার দায়ে চারটি খাবার হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে কুয়াকাটার জিরো পয়েন্ট ও চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।
অভিযানের সময় ‘মায়ের দোয়া’, ‘গাজী রেস্তোরাঁ’ এবং ‘হোটেল বৈশাখী’-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও প্রয়োজনীয় অনুমোদনপত্র না থাকার কারণে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘হোটেল আপনজন’-কে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক বলেন, “বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪-এর ১৯ ধারা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যটন এলাকা হিসেবে কুয়াকাটায় স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং যারা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় ব্যবসায়ী ও পর্যটকরা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।


