
‘অবুঝ প্রাণের পাশে, ধূমকেতু আছে সাথে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে বিশ্ব বন্যপ্রাণী দিবস ও পবিত্র রমজান উপলক্ষে এক অনন্য মানবিক কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন’ (ডিওয়াইএফ)। মঙ্গলবার (৩ মার্চ) দিনব্যাপী পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে শতাধিক বেওয়ারিশ কুকুরকে উন্নত মানের চিকেন খিচুড়ি খাওয়ানো হয়।

আয়োজকরা জানান, রমজান মাসে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ থাকায় এবং মানুষের চলাচল কম হওয়ায় রাস্তার অবুঝ প্রাণীরা চরম খাদ্য সংকটে পড়ে। বিশ্ব বন্যপ্রাণী দিবসের গুরুত্ব এবং প্রাণীদের প্রতি মমত্ববোধ থেকেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটির পটুয়াখালী স্কিম।
এ বিষয়ে ডিওয়াইএফ-এর অ্যাডমিন তাহজিব আলম তুয়ান বলেন: “আমরা মানুষ হিসেবে রমজানের সংযম পালন করি, কিন্তু আমাদের চারপাশের এই অবুঝ প্রাণীগুলো ভাষা না থাকায় তাদের ক্ষুধার কথা কাউকে বলতে পারে না। বন্যপ্রাণী ও রাস্তার প্রাণীরা আমাদের পরিবেশের অংশ। তাদের প্রতি সদয় হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই আমাদের এই উদ্যোগ দেখে সমাজের অন্যান্য তরুণরাও প্রাণীদের প্রতি মানবিক হতে উৎসাহিত হোক।”
কর্মসূচিতে উপস্থিত পটুয়াখালী স্কিমের কার্যনির্বাহী সদস্য জুয়েল রানা বলেন: “শহরের মোড়ে মোড়ে ঘুরে আমরা শতাধিক কুকুরকে খাবার দিয়েছি। আমরা চেষ্টা করেছি যেন তারা অন্তত একবেলা পেট ভরে পুষ্টিকর খাবার পায়। আমাদের সাধ্য সীমিত হতে পারে, কিন্তু লক্ষ্য অনেক বড়। পর্যায়ক্রমে আমরা শহরের অন্যান্য অবুঝ প্রাণীদের নিয়েও কাজ করার পরিকল্পনা করছি।”
সংগঠনটির একদল উদ্যমী স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নেন। খাবারের মান নিশ্চিত করতে তারা নিজেরাই চিকেন খিচুড়ি রান্না করে তা শহরের আনাচে-কানাচে পৌঁছে দেন। ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক প্রশংসিত হয়েছে।


