
আবুল হোসেন রাজু, কুয়াকাটা থেকে:
পটুয়াখালীর কলাপাড়ায় জেলের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলার চর ধুলাস্বার গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এসময় ভুক্তভোগী জেলে মিজান হাওলাদারের পক্ষে তার চাচাতো ভাই লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৪ এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় আব্বাস গাজীর নেতৃত্বে ছিদ্দিক পিতা: শাহাবুদ্দিন, জাবেদ গাজী পিতা: আব্বাস গাজী গংরা হাতুড়ি, রামদা, বগি, লাঠিসোটা নিয়ে ২০ থেকে ৩০ জন বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় বাড়ির উঠানে থাকা আমার চাচা শাহ আলম হাওলাদারকে পিটিয়ে হাত ভেঙে দেন এবং আমার ভাই মিজানকে গুরুতর জখম করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
তিনি আরও বলেন, আমার ভাই ও চাচাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাচ্ছি, এই সকল সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।
তবে অভিযোগ অস্বীকার করে আক্কাজ গাজী বলেন, আমরা কোনো মারধর করিনি, উল্টো আমার ছেলেকে দা দিয়ে কুপিয়েছে তারা। শুধু-শুধুই তারা আইসিইউতে থাকার নাটক সাজিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী মিজানের বাবা কলাপাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন, যা পিবিআইয়ের তদন্তাধীন রয়েছে।
