
আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী):
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) মহিপুর থানাধীন এলাকায় শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। বক্তারা বলেন, একজন সৎ ও নিরীহ কৃষিবিদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বক্তব্যে সাইফুল ইসলাম সোহাগ বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।”
জাহিদুল ইসলাম রাজিব বলেন, “নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাই এখন সময়ের দাবি।”
মানববন্ধনে আবেগঘন বক্তব্য দেন নিহত কৃষিবিদ শহিদুল ইসলামের বাবা। তিনি বলেন, “আমার ছেলে খুবই সৎ, পরিশ্রমী ও নিরীহ ছিল। সে কখনো কারও ক্ষতি করেনি। যেভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনো বাবা মেনে নিতে পারে না। আমি শুধু আমার সন্তানের হত্যার ন্যায়বিচার চাই। প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানাচ্ছিযেন আর কোনো বাবাকে এভাবে সন্তানের লাশ কাঁধে নিতে না হয়।”
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মহিপুর থানাধীন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
কর্মসূচিতে মহিপুর থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
