
দুমকি প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে পটুয়াখালীর দুমকিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়েই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফরিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আ. আজিজ সরকার ও সদস্য সচিব মো. সোহরাব শরীফ। এছাড়াও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
সংবর্ধিত মুক্তিযোদ্ধারা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, রাষ্ট্রীয় এ সম্মাননা তাদের গর্বিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং শেষে মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দেশের অগ্রগতির জন্য দোয়া করা হয়।

Share our products, reap the rewards—apply to our affiliate program!