
দুমকি প্রতিনিধিঃ
পটুয়াখালী-ঢাকা রুটে ঈদযাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের দায়ে ডলফিন পরিবহনের এক সুপারভাইজারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দুমকি উপজেলার পাগলা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত ৭৫০ টাকার ভাড়ার পরিবর্তে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার টাকা আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ডলফিন পরিবহনের সুপারভাইজার কাওছার হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ঢাকা-পটুয়াখালী রুটে চলাচলকারী অন্যান্য পরিবহন সংশ্লিষ্টদেরও অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
প্রশাসন জানিয়েছে, ঈদকে সামনে রেখে যাত্রীদের ভোগান্তি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
