
দুমকি প্রতিনিধিঃ
পটুয়াখালীর পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সেতুটি নির্মিত হলে বরিশাল থেকে দুমকি হয়ে বাউফলসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে দুমকি-বাউফল সড়কের সংযোগস্থল রাজাখালী প্রস্তাবিত গোলচত্বর এলাকায় আনুষ্ঠানিকভাবে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।
সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ১ হাজার ২৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এ সেতুর দৈর্ঘ্য হবে ১ হাজার ৩৮০ মিটার। এর মধ্যে মূল সেতুর অংশ হবে ৪২০ মিটার দৈর্ঘ্যের স্টিল টাইড আর্চ এবং ৯৬০ মিটার ভায়াডাক্ট অংশ প্রি-স্ট্রেসড আই-গার্ডার পদ্ধতিতে নির্মাণ করা হবে।
এছাড়া প্রকল্পের আওতায় ৩ দশমিক ২৯ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক, একটি টোল প্লাজা, ওয়েই ব্রিজ নির্মাণ এবং নদীতীর সংরক্ষণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান China Road and Bridge Corporation নির্মাণকাজ পরিচালনা করছে।
