
স্টাফ রিপোর্টার: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে।
পটুয়াখালীর আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। দুপুরের পর থেকে উপকূলের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং বাতাসের গতিবেগও বৃদ্ধি পেয়েছে। এর ফলে নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে বলে জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত এবং পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

