
মো. বেল্লাল হোসেন, দশমিনা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় আব্দুল হাদী তালুকদার ও নুরুন নাহান হাদী ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সম্মাননা ক্রেস্ট ও বই তুলে দেওয়া হয়।
জানা যায়, ২০১৫ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনটি এসএসসি, এইচএসসি, কারিগরি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ বছর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শান্তা ইসলাম শানু ও মুসফিয়া রহমান এবং দাখিল শাখায় মধ্য বগুড়া নূরিয়া দাখিল মাদ্রাসার জাইমা ইসলাম ও মোসা. মুন্নি আক্তারকে ৫০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া অষ্টম শ্রেণির ১১ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে এবং ষষ্ঠ শ্রেণির ৫ জন শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে বৃত্তি ও বই দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও ব্র্যাক ব্যাংকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার এম এইচ ফজলে রব, অধ্যক্ষ ডা. ডলি আকবর, অধ্যক্ষ মাওলানা নেছার উদ্দিন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামছুরন্নাহার খান ডলি, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন সৈকত, ব্যাংক কর্মকর্তা নওশাদ মাহমুদ অনু প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কৃতী শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ এ (রুমী) আলী বলেন, তালুকদার পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কাজ করছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
