
পটুয়াখালী শহরের ফায়ার সার্ভিস রোড এলাকায় পৌরসভার নিয়ম-নীতির তোয়াক্কা না করে বাউন্ডারি ওয়ালের সঙ্গে অবৈধভাবে ভবন নির্মাণ করছেন জনৈক হুমায়ুন কবির। পৌরসভার অনুমোদিত নকশা (প্ল্যান) ছাড়াই নির্মাণ কাজ চলায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ ও উদ্বেগ।
এ বিষয়ে প্রতিবেশীরা জানান, চলতি বছরের জুলাই মাসের শুরুতে বাউন্ডারি ওয়ালের ওপর ভবন নির্মাণ করতে গেলে তারা পটুয়াখালী পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর ২৬ জুলাই পটুয়াখালী পৌর প্রশাসক হুমায়ুন কবিরকে অবৈধ স্থাপনা ভাঙতে নির্দেশনা দেন। নির্দেশনার পর কিছুদিন কাজ বন্ধ থাকলেও সম্প্রতি ফের নির্মাণ শুরু হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) ছুটির দিনের সুযোগে সকালে ভাড়াটে লোকজনের সহায়তায় পুনরায় নির্মাণ কাজ শুরু করেন হুমায়ুন কবির। প্রতিবেশী মোসাম্মত ফাহিমা বিষয়টি উল্লেখ করে পটুয়াখালী সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি পৌরসভার সংশ্লিষ্ট সার্ভেয়ারকেও মৌখিকভাবে জানানো হলেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
প্রতিবেশীরা জানান, সন্ত্রাসীদের ভয়ভীতি থাকার কারণে কেউ প্রকাশ্যে বাধা দিতে সাহস পাচ্ছেন না। এতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা বলেন, বিল্ডিং কোড অনুযায়ী বাউন্ডারি ওয়াল ঘেঁষে ভবন নির্মাণ করা সম্পূর্ণ অবৈধ। এতে ভবনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বাড়ি ধসে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকে। এছাড়া প্রতিবেশী বাড়িতে আলো-বাতাস প্রবেশে বাধা সৃষ্টি, বৃষ্টির পানি ও ধুলোবালির প্রবাহে ভোগান্তি বেড়ে যাওয়ার মত সমস্যারও আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে হুমায়ুন কবির বা পৌরসভার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা অবৈধ নির্মাণ কাজ বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


