
পটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। শুক্রবার সকাল ৯টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে এ উৎসবের সূচনা হয়।
ভোর থেকেই নতুন পোশাকে সজ্জিত হয়ে বরগুনা, তালতলী ও কুয়াকাটা এলাকা থেকে শত শত রাখাইন নারী-পুরুষ বিহারে সমবেত হন। এ সময় তারা দক্ষিণাঞ্চলের প্রবীণ ধর্মীয় গুরু, ৯৬ বছর বয়সী সংঘরাজ উকোইন্দা মহাথেরোকে নগদ অর্থ, নতুন পোশাক, আগরবাতি, মোমবাতি ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।
এছাড়া পটুয়াখালী ও বরগুনার ১০ জন ঠাকুরকে চীবর দান স্বরূপ নতুন পোশাক প্রদান করা হয়। এর আগে সকালে ২৮ বুদ্ধকে স্মরণে ২৮ বুদ্ধ প্রতিমা স্থাপন, সংঘদান এবং অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠিত হয়।
তুলাতলী বৌদ্ধ বিহারের সভাপতি মং তেন চিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ধর্মীয় আয়োজনে দেশের শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। দিনব্যাপী উৎসবে অংশ নেন বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ রাখাইন সম্প্রদায়ের মানুষ।


