
বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদল।
সোমবার (২১ এপ্রিল) সকালে কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. ইয়ামিন হাওলাদারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মেহেদী হাসান শামীম চৌধুরী।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আল-আমীন হাওলাদারসহ জেলা, উপজেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আল-আমীন হাওলাদার বলেন,‘পারভেজ হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়। এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। আমরা দ্রুত বিচার চাই এবং হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করছি।’
সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন,‘পারভেজ ছাত্ররাজনীতির একজন নিষ্ঠাবান কর্মী ছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাই।’
জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মেহেদী হাসান শামীম চৌধুরী বলেন,‘আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। যদি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার না করা হয়, তাহলে আমরা ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’
মানববন্ধন থেকে ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই পারভেজকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন দলের নেতাকর্মীরা। অপরাধীদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে, ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি হাতে নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


