
স্টাফ রিপোর্টার: আজও পটুয়াখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। টানা বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও অব্যাহত রয়েছে, এতে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।
পটুয়াখালী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৩৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে আজ সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৪৭ দশমিক ৬ মিলিমিটার।
অবিরাম বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের।
এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, যা উপকূলীয় এলাকার জন্য বাড়তি ঝুঁকি তৈরি করেছে।
জেলার বিভিন্ন উপজেলায় ঝড়-বৃষ্টির প্রভাবে ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

