
কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ছয়টি ছানা রেখে একটি মা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নুরুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় গৃহিণী নাসরিন নাহার জানান, প্রায় ৬-৭ বছর ধরে তিনি কুকুরটিকে সন্তানের মতো লালন-পালন করছিলেন। ভালোবেসে নাম রেখেছিলেন ‘টমি’। এক মাস আগে কুকুরটি ছয়টি ছানার জন্ম দেয়।
বুধবার সকালে অভিযোগ করে তিনি বলেন, দুটি হাঁসের বাচ্চা কামড়ে মারার অভিযোগ তুলে প্রতিবেশী নুরুল হক কুকুরটিকে পিটিয়ে হত্যা করেন এবং পরে মাটিচাপা দেন। এ বিষয়ে প্রতিবাদ জানাতে গেলে তার মেয়ে ইলাকে মারধর করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
মা কুকুরটিকে হারিয়ে ছানাগুলো এখন অসহায় অবস্থায় ঘুরে বেড়াচ্ছে বলে জানান স্থানীয়রা।
অভিযুক্ত নুরুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মকরুফ বিল্লাহ খান বলেন, “একটি প্রাণীকে পিটিয়ে মারা আইনত দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আইনগত সহায়তা দেওয়া হবে।”
ঘটনাটি এলাকায় ক্ষোভের সৃষ্টি করেছে।
