
পল্লী প্রগতি সমিতি কর্তৃক বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির আওতায় পটুয়াখালী সদর উপজেলার ১২৬টি কিশোর ক্লাবের সদস্যদের মাঝে ক্রীড়া উপকরণ বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় পল্লী প্রগতি সমিতির প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির পরিচালক (মাইক্রোফিন্যান্স) ও সমৃদ্ধি কর্মসূচির ফোকাল পারসন মো. নাদিম মাসুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি বলেন, “ক্রীড়া মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিশোরদের মাঝে খেলাধুলার প্রসার ঘটলে আগামী প্রজন্ম হবে শৃঙ্খলাবদ্ধ ও নেতৃত্বগুণে সমৃদ্ধ।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী হামেজউদ্দিন মৃধা কলেজের সহকারী অধ্যাপক মো. আনিসুর রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ব্যবসায়ী মো. জামাল হোসেন, জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবুল হাওলাদার, অ্যাডভোকেট এনামুল হক রাসেল এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম আরিফ। বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ে ক্রীড়ার বিকাশে এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা সভা শেষে সদর উপজেলার ১২৬টি কিশোর ক্লাবের প্রতিনিধিদের হাতে ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, ক্যারামসহ বিভিন্ন ক্রীড়া উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, সমিতির কর্মকর্তা-কর্মচারী এবং কিশোর ক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শেষ হয় কিশোরদের প্রাণবন্ত উপস্থিতির মধ্য দিয়ে।


